দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারে বেড়াতে এসে প্যারাসাইলিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন খুলনার পর্যটক শৌভিক রয়।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। সকালে তারা খুলনা থেকে কক্সবাজারে পৌঁছে ওশান ভিউ প্যারাডাইস রিসোর্টে ওঠেন। পরে ঘুরতে গিয়ে প্যারাসাইলিং করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, প্যারাসাইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক। তাৎক্ষণিকভাবে সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ দুর্ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও সফরসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্যারাসাইলিংয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তাদের দাবি, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত তদারকি ও মানসম্মত ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা দেশজুড়ে আলোচিত হলেও সেসব ঘটনার পর দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে যান জেলা প্রশাসক আ. মান্নান।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রম দীর্ঘদিন আগেই বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে অনুমোদনের বাইরে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজারে সব ধরনের প্যারাসাইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কে